মা, তুমিই আমার সব, তুমিই আমার পুরো পৃথিবী | মায়ের ভালোবাসা নিয়ে হৃদয়স্পর্শী লেখা।আত তারবিয়াহ অনলাইন মাদরাসা

 মা, তুমিই আমার সব, তুমিই আমার পুরো পৃথিবী

লেখকঃ মুফতী আব্দুল হামীদ আল -আব্বাস হাটহাজারী


মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও দোয়া নিয়ে হৃদয়স্পর্শী ইসলামিক বাংলা লেখা



তুমি শুধু আমার জন্মদাত্রী নও, এই নির্মম দুনিয়ায় তুমিই তো আমার এক টুকরো জান্নাত।

নিষ্ঠুর পৃথিবীর বুকে পরম তৃপ্তির এক ফোঁটা শ্রাবণ- জল। তপ্ত রোদে আমার শীতল আশ্রয়, আর এই ক্ষণস্থায়ী জীবনে বেঁচে থাকার এক মাত্র মাধ্যম।


আজ যখন ফেলে আসা দিনগুলোর দিকে পেছন ফিরে তাকাই, এক বুক তীব্র মায়া আর অনুশোচনার হাহাকারে আমার ভেতরটা দুমড়েমুচড়ে যায় মা। তুমি যখন দীর্ঘ দশটি মাস আমাকে তোমার গর্ভে ধারণ করেছিলে, তখন আমি অবুঝের মতো তোমাকে ক্ষতবিক্ষত করেছিলাম, প্রতিনিয়ত আঘাত দিয়েছিলাম। অথচ তুমি! সেই অসহ্য যন্ত্রণা বুকে চেপেও কি অদ্ভুত এক তৃপ্তির হাসি হেসেছিলে! আমাকে এই পৃথিবীতে আনবে বলে।


মা,অনেকদিন এমন হয়েছে, ঘরে পর্যাপ্ত খাবার ছিল না, কিংবা অসুস্থতার তীব্রতায় তুমি মুখে কোনো অন্ন তুলতে পারোনি, কিন্তু আমি তখন তোমার পেটের ভেতর পরম নিশ্চিন্তে তোমার শরীরের সবটুকু শক্তি শুষে নিয়ে বড় হয়েছি। তুমি নিজে তীব্র জ্বরে, যন্ত্রণায় কুঁকড়ে থেকেও আমার কথা চিন্তা করে আলতো করে হেসেছো। কারণ তুমি শুধু একটাই প্রার্থনা করতে আমার সন্তান যেন ভালো থাকে, ওর যেন কোনো কষ্ট না হয়।

 

আর আমার জন্মের সেই প্রসব বেদনার দিনটি!যেদিন তুমি আমাকে প্রথম এই পৃথিবীর আলো দেখালে। তুমি ব্যথায় ছটফট করছিলে, রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছিলে। জীবন আর মৃত্যুর ঠিক মাঝখানের সেই নির্মম সীমানায় দাঁড়িয়ে, যখন মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, তখনও তুমি নিজের জীবনের মায়া করোনি মা। তোমার ঠোঁটে শুধু একটা আকুল আকুতি ছিল।

আমার যা-ই হোক না কেন, আমার সন্তান যেন বেঁচে থাকে।


মা, তুমিই তো আমার জীবনের একমাত্র সত্যিকারের ধ্রুবতারা, যার কোনো বিকল্প এই মহাবিশ্বে নেই।


আমার আবছা মনে পড়ে মা... যখন আমি তীব্র জ্বরে কাঁপতাম, তখন সারাবিশ্ব নিঝুম ঘুমে মগ্ন হলেও তোমার চোখের পাতা এক হতো না।


তুমি জলপট্টি হাতে সারাটি রাত আমার শিউরে বসে থাকতে। নিজে না ঘুমিয়ে, না খেয়ে, নিজের ক্ষয়ে যাওয়া শরীরের পরোয়া না করে, তুমি কেবল আমাকে একটু সুস্থ দেখার জন্য আল্লাহর দরবারে দু'হাত তুলে অঝোরে কাঁদতে। তোমার সেই চোখের জল আমার জ্বরের চেয়েও বেশি উষ্ণ ছিল মা।


তুমি একা হাতে রান্নাঘরের তপ্ত উনুনে ঘাম ঝরিয়েছো, এক হাতে পরম মমতায় আমার মুখে লোকমা তুলে দিয়েছো, আর অন্য হাতে পুরো সংসারের সমস্ত দায়িত্ব নিয়েছো,কখনো মুখে একটি ক্লান্তির দাগ বা অভিযোগ প্রকাশ না করে।


কতটা কষ্ট যে তুমি এক বুক হাসির আড়ালে চিরকাল লুকিয়ে রেখেছো মা, আজ তা একটু অনুভবে এলে চোখ ফেটে জল আসে, বুকটা ভেঙে যেতে চায়।


মা!


তোমার সেই ছোট্ট, অবুঝ, আদুরে ছেলেটি আজ সময়ের নিষ্ঠুর নিয়মে বড্ড বড় হয়ে গেছে।


আজ সে দুনিয়ার অনেক জটিল হিসেব-নিকেশ বোঝে, বাইরের চতুর মানুষদের চেনে।


কিন্তু বিশ্বাস করো মা, এই বিশাল পৃথিবীর বুকে ক্লান্ত, রক্তাক্ত আর একা হয়ে যখনই আমি তোমার কোলে মাথা রাখি, মুহূর্তেই আমার সব অহংকার, সব বড় হওয়া ধূলিস্মা হয়ে যায়। আমি ঠিক সেই ছোট্ট নিষ্পাপ অবুজ শিশুটি হয়ে যাই। তোমার হাতের স্পর্শে আমার সমস্ত ক্লান্তি যেন এক পলকে কর্পূরের মতো উড়ে যায়।


তুমি তো সবসময় বলো, তুই সুখে থাক বাবা, তোর সুখে থাকাই আমার জীবনের একমাত্র চাওয়া।


কিন্তু মা, তুমি ছাড়া আমার কোনো সুখই যে পূর্ণতা পায় না। তুমিহীন এই ঝলমলে দুনিয়াটাও আমার কাছে এক তপ্ত, নিঃসঙ্গ মরুভূমি। তুমিই তো আমার জন্যে দুনিয়ার এক চলন্ত জান্নাত, তুমিই আমার ভাগ্যের আকাশেসবচেয়ে শক্তিশালী দোয়া, তুমি আল্লাহর তরফ থেকে আমার এই নগণ্য জীবনে পাঠানো সবচেয়ে শ্রেষ্ঠ এবং পবিত্র নেয়ামত।


আমি আল্লাহর কাছে দুনিয়ার কোনো ধন-সম্পদ, কোনো খ্যাতি বা প্রাসাদ চাই না মা,


আমি শুধু প্রতিটা মোনাজাতে দু'হাত তুলে চোখের জল ফেলে একটাই ভিক্ষা চাই, আমার মা যেন বহু দিন, বহু বছর আমার মাথার ওপর এক পরম শীতল ছায়া হয়ে বেঁচে থাকে।


তোমার ওই চেনা অমলিন হাসিটুকু নিয়ে, এক বুক শান্তি নিয়ে তুমি আমার মাঝে বেঁচে থাকো মা...


কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে আমি বড্ড একা, বড্ড নিঃস্ব, বড্ড অসহায়।

📚 ভর্তি চলছে

অনলাইনে দেশ ও প্রবাস থেকে লাইভ কুরআন শিখতে যোগাযোগ করুন

WhatsApp WhatsApp: 01610-628412

Popular posts from this blog

মারিয়ামের সুন্দর কুরআন শেখার যাত্রা

জিয়ানার কুরআন শেখার সুন্দর যাত্রা

উমায়েরের কুরআন শেখার অনুপ্রেরণামূলক যাত্রা