রাসুল ﷺ-এর মাদানী জীবন: ইতিহাস, শিক্ষা ও গুরুত্বপূর্ণ ঘটনা
রাসুল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম'র মাদানী জীবন
![]() |
মানবসভ্যতার ইতিহাসে সবচে আলোকোজ্জ্বল অধ্যায় হলো রাসুল–সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–'র পবিত্র জীবন। তাঁর মহিমান্বিত জীবনগাথা তাঁকে উন্নীত করেছে শ্রেষ্ঠত্বের সুউচ্চ আসনে। চল্লিশ বছর বয়সে নবুওয়াত প্রাপ্তির মধ্য দিয়ে শুরু হয় ঐশী বিধান বাস্তবায়নের সূদুর প্রসারী মিশন। কুফর-শিরকের ঘোর আঁধার পেরিয়ে হিদায়াতের দীপ্ত আলোয় উদ্ভাসিত হতে আহবান করতে থাকেন তিনি প্রতিনিয়ত।
কিন্তু না, মক্কার দুর্ভাগারা আল্লাহ-প্রদত্ত জীবনবিধানকে নতশিরে মানার পরিবর্তে দেখায় ঔদ্ধত্যপূর্ণ আচরণ। বিশ্বস্ততার চাদরে আবৃত করে যারা তাঁকে 'আল-আমীন' উপাধিতে করেছিল ভূষিত, তারাই আজ তাঁর চিরশত্রু। ফলশ্রুতিতে বারংবার তাঁকে হতে হয়েছে নজিরবিহীন জুলুমের শিকার। ঝরাতে হয়েছে পবিত্র দেহের তাজা খুন। নির্বাসিত হতে হয়েছে আপন মাতৃভূমি থেকে। ত্যাগ করতে হয়েছে নিজের সহায়-সম্পত্তি আর প্রিয়জনদের।
রাসুলের (সা.)মাদানী জীবন ইসলামের ইতিহাসে এক অনন্য মাইলফলক। যেখানে প্রতিফলিত হয়েছে— মানবতা, ন্যায়-ইনসাফ, সততা, আমানতদারিতা, পরোপকারিতা, ভ্রাতৃত্ব, দয়া, শান্তি, সম্প্রীতি, শৃঙ্খলা ও কল্যাণকামিতা। আলোচ্য প্রবন্ধে আমরা প্রিয় নবিজির বিভিন্ন আনন্দমধুর ও বেদনাবিধুর ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে তাঁর সুদীর্ঘ দশ বছরের মাদানী জীবনকে সংক্ষিপ্তাকারে তুলে ধরার প্রয়াস পাব, ইনশাআল্লাহ।
মদিনায় হিজরত : নব অধ্যায়ের সূচনা
নবিজি—সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম—দেখলেন, দ্বীন প্রচারের স্বার্থে মদিনার মাটিই তুলনামূলক খানিকটা উর্বর। তাই আসমানি প্রত্যাদেশে মদিনাকেই বেছে নিলেন বাকি জীবনের নিকেতন হিসেবে। মক্কার মুশরিকদের নির্যাতন-নিপীড়ন থেকে মুক্তিলাভে হিজরত ছিল এক ঐশী নির্দেশ। সিদ্দীকে আকবরকে সাথে নিয়ে বের হয়ে পড়লেন মদিনাভিমুখে। শত বাধা পেরিয়ে একসময় পৌঁছালেন মদিনায়, খোদার কুদরতি নুসরতে।
এদিকে মদিনাবাসীর মনে বইছে আনন্দের জোয়ার। ছোট-বড়, যুবক-বৃদ্ধ সবার মন ফুরফুরে। আজ হুজুর তাশরিফ আনবেন তাঁদের নীড়ে। চাঁদের চেয়েও দীপ্ত সুন্দর মুখখানি দেখবে তারা প্রাণভরে। তাঁকে সালাত আর সালাম জানাবে প্রেমভরে। সারওয়ারে দুজাহান সা.–কে আহলান-সাহলান, মারহাবা স্বাগতম জানাতে ব্যাকুল হয়ে আছে সবার মন। রাসুলের আগমন আঁচ করতে পেরেই আনন্দের আতিশয্যে সমস্বরে সবার কণ্ঠে বেজে ওঠে—'ত্বালাআল বাদরু আলাইনা' র সুমধুর সুর।
হিজরতের পর মদিনার জীবনযাত্রায় সূচনা হয় এক নব অধ্যায়ের। ইসলাম তখন শুধু ব্যক্তিগত ঈমান ও আখলাকের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং শুরু করে সমাজ, রাষ্ট্র, আইন ও শাসনব্যবস্থার পূর্ণ রূপ পেতে।
মসজিদে নববি নির্মাণ
মদিনায় পৌঁছার কিছুদিন বাদে রাসুল সা. নির্মাণ করেন মসজিদে নববী। এটি শুধু নামাজের জায়গা ছিল না; ছিল ইসলামের প্রাণকেন্দ্র, মুসলমানদের পরামর্শলয়, পবিত্র শিক্ষাগার, এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তগ্রহণের প্রধান ক্ষেত্র। এখানেই দেওয়া হতো কুরআনের তা'লিম, মুসলমানরা মগ্ন হতো আল্লাহর ইবাদতে। এখান থেকেই প্রচারিত হতো বিশ্বমানবতার জন্য কল্যাণের বাণী।
ভ্রাতৃত্ব বন্ধনের অনুপম দৃষ্টান্ত
মক্কার ভিটেমাটি ছেড়ে আসা মুহাজির সাহাবিরা মদিনায় পৌঁছেছিলেন রিক্তহস্তে। পরিবার-পরিজন, সহায়-সম্বল, ধন-দৌলত, এমনকি ভিটেমাটিটুকু রেখে এসেছিলেন সেখানে। রাসুলের (সা.) দরদমাখা নসিহতে অনুপ্রাণিত হয়ে আনসারগণ মুহাজির ভাইদের গ্রহণ করেন সাদরে, সাগ্রহে। এই ভ্রাতৃত্বের বন্ধন ছিল স্বার্থহীন নিখাঁদ ভালোবাসা, পরম সহযোগিতা ও অপূর্ব আত্মত্যাগের অনন্য নাজরানা। নিজের জায়গা-জমিন অপর ভাইয়ের তরে এভাবে অকাতরে বিলিয়ে দেওয়ার নজির পৃথিবীর ইতিহাসে বিরল, দুর্লভ।
মদিনা সনদ : ইতিহাসের এক অনন্য সংবিধান
তৎকালীন সময়ে মদিনায় বাস করতো বিভিন্ন গোত্র ও নানান ধর্মাবলম্বী লোকেরা। মুসলিম, ইহুদি, খ্রিস্টান। এমনকি ছিল মুশরিকরা-ও। রাসুল (সা.) মদিনার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রণয়ন করেন 'মদিনা সনদ' । এটি মানব ইতিহাসের প্রথম লিখিত সংবিধান বলে খ্যাত।
মদিনা সনদের উল্লেখযোগ্য কিছু ধারা ছিল—
- শান্তিপূর্ণ সহাবস্থান,
- প্রত্যেকে তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে,
- সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত হবে,
- রাষ্ট্রের নিরাপত্তা ও প্রতিরক্ষায় সবাই অংশ নেবে,
- কোনো গোত্র বা ব্যক্তি অন্যের প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারবে না।
এভাবেই নবিজি (সা.) ধনী-নির্ধন, ধর্ম-বর্ণ, বা উঁচু-নিচুর তফাত না করে সমাজের অপরাপর সদস্যদের জন্য বয়ে এনেছিলেন ন্যায়-ইনসাফ ও শান্তি-শৃঙ্খলার অবারিত রহমতের ফল্গুধারা।
রণাঙ্গনে নবিজি
মক্কার মুশরিকদের অপতৎপরতা আর ষড়যন্ত্র বন্ধ হয়নি এক মুহুর্তের জন্যেও। অপরদিকে মদিনার ইহুদি গোষ্ঠীও হয়ে দাঁড়ায় পথের কাঁটা। তাই আল্লাহর জমিনে তাওহিদের ঝান্ডা উঁচু করে পৌত্তলিকতার কবর রচনা করতে নবিজি (সা.) অবতরণ করেন জিহাদের ময়দানে।
জগতের অমোঘ বিধান হলো, পাপ যখন বালিগ হয়, শাস্তিও পেতে হয় তখন অবিলম্বে, অবশ্যাম্ভীভাবে। মক্কার দুর্ভাগারা যখন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে অস্বীকৃতি জানাল, ইসলামকে চিরতরে নির্মূল করতে উদ্যত হল আদাজল খেয়ে, তখনই অবতীর্ণ হতে থাকে ' জিহাদ-ফি সাবিল্লাহর' ঐশী বিধান। এখন থেকে কোমল-নরম আর মমতাপূর্ণ ভাষায় নয়, ফায়সালা হবে তরবারি দিয়ে। এভাবেই সুগম হয় ঐতিহাসিক বদর যুদ্ধের পথ। সূচনা হয় মুখোমুখি জিহাদের।
বদর প্রান্তরের শোচনীয় পরাজয় কিছুতেই ভুলতে পারছে না অভিশপ্তরা। তাই মুসলমানদের সমূলে ধ্বংস করার পাঁয়তারা বদ্ধমূল হয়ে আছে তাদের মন-মননে। যুদ্ধের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে সশস্ত্র বাহিনী সমেত মুসলমানদের ওপর ঝাপিয়ে পড়ে উহুদের ময়দানে, হিজরি তৃতীয় সনে। নববি আদেশ ও আমিরের সিদ্ধান্তের বিপরীতে যাওয়ার ফলে নেমে আসে অপ্রত্যাশিত সাময়িক পরাজয়। এভাবে সময়ে সময়ে বেজে ওঠে খন্দক, খায়বার, হুনাইন, তায়েফ আর তাবুকের মতো অসংখ্য যুদ্ধের দামামা।
নৈতিকতার আদর্শ শিক্ষা
মাদানী জীবনে নবিজি (সা.) স্রেফ শক্তিশালী রাষ্ট্র গড়েননি; বরং আখলাক ও চরিত্র গঠনে তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তিনি শিখিয়েছেন—সত্যবাদিতা, প্রতিশ্রুতি রক্ষা, প্রতিবেশীর হক আদায়, দরিদ্র এতিম বিধবা ও অসহায়দের সহায়তা করার মতো অনুপম গুণাবলী।
হুদায়বিয়ার সন্ধি : ইতিহাসের এক সোনালি প্রেক্ষাপট
হিজরতের ষষ্ঠ বছরে রাসুল সা. ও সাহাবিরা উমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হন মক্কা পানে। পথিমধ্যে কুরাইশেরা সৃষ্টি করে অন্তরায়। এদিকে উসমান রাযি. কে নিয়ে ঘটে যায় এক লোমহর্ষক ঘটনা। অবশেষে হুদায়বিয়ায় শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। অনেক সাহাবি প্রথমে এটিকে অপমানজনক ভেবেছিলেন, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় যে—এটি ছিল ইসলামের জন্য বিজয়-সূচনার অন্যতম অধ্যায়। এই চুক্তির ফলে ইসলামের শান্তির বার্তা দূরদূরান্তে ছড়িয়ে পড়ে। অসংখ্য মানুষ দলে দলে আশ্রয় নিতে শুরু করে ইসলামের সুশীতল ছায়াতলে।
মক্কা বিজয় : নবীজির মহানুভবতা
অষ্টম হিজরির রমজান মাসে দশ হাজার সাহাবা সাথে করে নবিজি (সা.) মক্কায় প্রবেশ করেন অনায়াসে, বিজয়ী বেশে। কুরআনুল কারিমে একে ' সুস্পষ্ট বিজয় 'বলে আখ্যা দেওয়া হয়েছে। এটি ছিল ইসলামের ঐতিহাসিক বিজয়। তথাপি রাসুল (সা.) প্রতিশোধ নেননি। বরং তিনি ঘোষণা করেন সাধারণ ক্ষমার। ইতিহাসে অমন মহৎ ক্ষমার দৃষ্টান্ত সত্যিই বিরল।
বিদায় হজের ইতিকথা
দশম হিজরিতে রাসুল (সা.) পালন করেন বিদায়ি হজ্ব। এটি ছিল তাঁর জীবনের সর্বশেষ হজ্ব। অগণিত সাহাবার পদভারে ধন্য মক্কার অলিগলি। আজ ধনী-নির্ধন, আর শ্রেণী-বর্ণের কোন ভেদাভেদ নেই। লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখরিত কাবা প্রাঙ্গণ। সেখানে তিনি সমগ্র মানবতার জন্য রেখে যান একটি অমর বাণী ।
বিদায় হজ্বের ঐতিহাসিক খুতবার মূল বিষয়গুলো ছিল—
- তোমাদের সম্মান, রক্ত, সম্পদ তেমনি পবিত্র—যেমন পবিত্র আজকের দিন,
- সুদপ্রথা চিরতরে বাতিল করা হলো,
- অধিনস্তদের সাথে সদ্ব্যবহার করা তোমাদের অবশ্য পালনীয় দায়িত্ব ও কর্তব্য,
- নারী-পুরুষের পরস্পরের হক-অধিকার রক্ষা করা অপরিহার্য,
- আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি—কুরআন ও সুন্নাহ। এগুলো আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না।
কালজয়ী এই ঐতিহাসিক খুতবা মানবতার সংবিধান হিসেবে আজও অমর হয়ে আছে ইতিহাসে।
নবিজীর তিরোধান
মদিনায় দশ বছরের নাতিদীর্ঘ জীবনযাত্রা শেষে সুদীর্ঘ ৬৩ বছরের সফর সমাপ্ত করে ১১তম হিজরির রবিউল আউয়াল মাসে কিছুদিন অসুস্থ থাকার পর রাসুল (সা.) রওনা হন পরম বন্ধু মহামহিম আল্লাহ তাআলার দিকে। কিন্তু তাঁর রেখে যাওয়া শিক্ষা, আখলাক ও দ্বীন— আজো বিশ্বমানবতার পথপ্রদর্শক হয়ে আছে।
শেষ কথা
রাসুলের (সা.) মাদানী জীবন শুধু মুসলমানদের নয়, বরং সমগ্র মানবতার জন্য শিক্ষণীয়। তিনি শিখিয়েছেন—রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হলো ইনসাফ, ভালোবাসা ও সহমর্মিতা। তিনি প্রতিষ্ঠা করেছেন মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সাম্যের মহান আদর্শ।
মদিনার সেই ছোট্ট নগরী থেকে যে আলো ছড়িয়ে পড়েছিল, তা আজ বিশ্বময় জ্যোতিষ্মান। নবিজির (সা.) মাদানী জীবন—আমাদের ব্যক্তিগত জীবনে আখলাক সুন্দরকরণ, সামাজিক জীবনে ন্যায়-প্রতিষ্ঠাকরণ, রাষ্ট্রীয় জীবনে শান্তি ও কল্যাণ বিস্তারের সুশিক্ষা দেয়।
রাসুলের (সা.) আলোকিত জীবনধারা অবলম্বন করলেই উম্মাহ খুঁজে পাবে প্রকৃত মুক্তি, সুনিশ্চিত শান্তি ও নিরঙ্কুশ সফলতার অবারিত পথের দিশা। রাসুলে আরাবি —সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম—এর এই পবিত্র মাদানি জীবনের প্রতিটি অধ্যায় থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে যথাযথ অনুসরণ ও পরিপূর্ণ অনুকরণে মহান রাব্বে কারিম আমাদের তাওফিক দান করুন।
লেখক : মুফতি শুয়াইব আল হামিদ
শিক্ষক : দারুল উলূম মাকবুলিয়া মাদরাসা, কাচিসাইর, দেবিদ্বার, কুমিল্লা
